শিগগিরই নতুন ট্রেলার দেখতে পাবেন: শ্যাম বেনেগাল

কান ফিল্ম ফেস্টিভ্যালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এর ট্রেলার লঞ্চের পর থেকেই বাংলাদেশে বইছে সমালোচনার ঝড়। মাত্র এক মিনিট আটত্রিশ সেকেন্ডের ওই ট্রেলারে নানা ভুলভ্রান্তির দিকে দৃষ্টি আকর্ষণ করে সোশাল মিডিয়াতে অনেকেই ছবিটির নির্মাতাদের একরকম ধুয়ে দিচ্ছেন। ট্রেলারেই এরকম ত্রুটিবিচ্যুতি থাকলে মূল ছবিটিতে না জানি কী হবে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ।

এই তীব্র সমালোচনার মুখে পড়া ‘মুজিব’র পরিচালক বলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল বলছেন যেটি প্রকাশ পেয়েছে সেটি অফিসিয়াল ট্রেলার নয়, শিগগিরই নতুন একটি ট্রেলার দেখতে পাবেন।

সিনেমাটি নিয়ে সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এ পরিচালক।

প্রশ্ন: কানে ‘মুজিব’-এর ট্রেলার লঞ্চের পর থেকেই অনেকে তুমুল কটুকথা বলছেন, আপনারও নিশ্চয় কিছু কিছু কানে এসেছে?

শ্যাম বেনেগাল: হ্যাঁ, তা এসেছে। যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশে আমার একটাই কথা বলার–আপনারা তো এখনও আসল ছবিটাই দেখেননি। তার আগে শুধু একটা ট্রেলার দেখে এত গালমন্দ করার কী যুক্তি থাকতে পারে আমার মাথায় ঢুকছে না। ছবিটা মুক্তি পাক, সবাই দেখুন– তারপর দর্শকদের রায় আমি নিশ্চয় মাথা পেতে নেবো।

প্রশ্ন: কিন্তু ট্রেলারটাতে এত ভুল হলো কী করে? এটা কি খুব তাড়াহুড়ো করে বানানো?

শ্যাম বেনেগাল: একদমই তাই। এই জিনিসটা আমি আগেও ব্যাখ্যা করেছি…। আসলে কানে পাঠানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট তারিখের মধ্যে এটা তৈরি করতেই হয়েছিল। অথচ ওদিকে আমাদের মূল ছবির কাজই এখনও শেষ হয়নি, সম্পাদনার টেবিলে কাটাছেঁড়া চলছে। কিন্তু এর মধ্যেই কানের ডেডলাইন চলে এলো, ফলে ওই অসমাপ্ত কাজ থেকেই চটজলদি একটা ‘টিজার’ তৈরি করে আমাদের সেখানে পাঠাতে হলো।

তাই যেটা কানে পাঠানো হয়েছে সেটাকে আমি ঠিক ‘মুজিব’র ‘ট্রেলার’ বলতেও রাজি নই– বরং সেটাকে ‘টিজার’ বলাই ভালো। যারা এখন ইউটিউবে বা সোশাল মিডিয়াতে ওটা দেখছেন তাদের ‘টিজার’ হিসেবেই দেখতে অনুরোধ করবো। কারণ, এটা তো খুব পরিষ্কার যে আমাদের ছবিটা এখনও ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ (কাজ চলছে), আর কোনও অসম্পূর্ণ ছবির ট্রেলার বানানো সম্ভবই নয়।

প্রশ্ন: তার মানে কি ধরে নিতে পারি পরে ‘মুজিব’র আবার একটি নতুন ট্রেলার লঞ্চ করা হবে?

শ্যাম বেনেগাল: অফকোর্স! অবশ্যই কিছু দিনের মধ্যে আপনারা ছবির নতুন একটি ট্রেলার দেখতে পাবেন। আর শুধু ট্রেলারই উন্মুক্ত করা নয়, তারপর দেখবেন গোটা ছবিটাই মুক্তি পাবে (হাসতে হাসতে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *