স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার যে মন্তব্য করছেন, তাকে নাকচ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, সেটিই বিএনপির গায়ে জ্বালা দিচ্ছে।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে ফখরুল এই মন্তব্য করেন। এ সময় ‘পদ্মা সেতুর কারণে সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসরদের বুকে অনেক জ্বালা সৃষ্টি হয়েছে’ ওবায়দুল কাদেরের করা এমন একটি বক্তব্যের জবাব দেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সরকার তো এখন গদগদ হয়ে গেছে। সারাক্ষণ এখন শুধু পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু নিয়ে বলছে। পদ্মা সেতু তো কারও পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করা হচ্ছে না। পদ্মা সেতু এ দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে।’
ফখরুলের দাবি, এই সেতু করতে লাগত ১০ হাজার কোটি টাকা। সেটা তৈরি করা হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা দিয়ে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের গায়ে নাকি জ্বালা হচ্ছে। গায়ে জ্বালা তো হচ্ছে। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে যে, পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ওরা বিদেশে সম্পদ করছে, এখানেই আমাদের গায়ে জ্বালা হচ্ছে। কারণ, এটা আমাদের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা এবং সমস্ত মেগা প্রজেক্ট তোমরা এভাবে করছ।’
রাজধানীর মেট্রোরেল প্রকল্পের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিশ্চয়ই মেট্রোরেল দেখছেন। মিরপুর থেকে যদি দেখেন, কিছুক্ষণ পরপর স্টেশন। এর কোনো প্রয়োজন নেই। আগারগাঁওতে একটা, তারপরে শেওড়াপাড়ায় একটা, তারপরে এসে সংসদ ভবনের ওখানে আরেকটা, এরপর ফার্মগেটে একটা।
‘এত কাছাকাছি স্টেশন পৃথিবীর আর কোথাও দেখিনি। কারণ কী? একটাই যে অনেক টাকা পাওয়া যাবে। এদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট, এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে লুটে নিয়ে যাওয়া।’
মেগা প্রকল্পের নামে সরকার দেশকে ‘ঋণগ্রস্ত’ করে ফেলেছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, ‘আমাদের দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা বুঝতে পারছি না, আমরা চাকচিক্য দেখে অনেকে মনে করছি কত কী?…।’





