ঢাকা: খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো যায় কিনা এমন প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তারা যদি প্রধানমন্ত্রীর মহানুভবতা অনুধাবন করতে না পারে, যে মহানুভবতার কারণে খালেদা জিয়া কারাদণ্ডপ্রাপ্ত হলেও আজকে বাইরে মুক্ত জীবন যাপন করছেন। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী, ভাবতে হবে তাকে আবার কারাগারে পাঠানো যায় কিনা।’
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া তো প্রধানমন্ত্রীকে অনেকবার হত্যার অপচেষ্টা চালিয়েছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলাই তার প্রমাণ। তাঁর (খালেদা জিয়া) প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এবং দেখিয়ে যাচ্ছেন, সেটি নিয়ে এখন অনেকে প্রশ্ন করছেন, যারা এই মহানুভবতার মূল্য দিতে জানে না, তাদের প্রতি প্রধানমন্ত্রী কেন এই মহানুভবতা দেখাচ্ছেন?’
পদ্মা সেতু নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, ‘অনেক মানুষ মনে করে, তারা (বিএনপি) যেহেতু পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল, সে জন্য তাদের সাঁতরে পদ্মা নদী পার হওয়া উচিত, পদ্মা সেতুর ওপর দিয়ে নয়। জনগণের সেই প্রত্যাশার কথা কিছুটা হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে উঠে এসেছে। আপামর জনতা মনে করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, শুধু বিরোধিতা নয়, ষড়যন্ত্র করেছিল এটি যাতে না হয় এবং আওয়ামী লীগ সরকার সেটি করতে পারবে না বলে আস্ফালন করেছিল, তাদের আসলে এভাবেই (সাঁতরে) পার হওয়া উচিত।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব মানুষের জন্য এই পদ্মা সেতু নির্মাণ করেছেন। তবে যারা এটার বিরোধিতা করেছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত। আজকে তারা বিক্ষোভ প্রদর্শন করছে।’
তিনি বলেন, ‘সরকারের বিদায়ঘণ্টা তারা (বিএনপি) ২০০৯ সালের মাঝামাঝি থেকে বাজানো শুরু করেছে। আমাদের বিদায়ঘণ্টা বাজাতে বাজাতে তারা নিজেদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে।’





