শাকিব খানকে না করিনি, করেছি প্রযোজককে: অধরা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগকে গোল্ডেন অপরচুনিটি বলেই মনে করেন এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান।

বলছেন, ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ বোকারাও হাতছাড়া করবে না, আর আমার তো কেবল ক্যারিয়ার শুরুর পর্যায়ে। যে খবর ছড়ানো হয়েছে তা ভুলভাবে ছড়ানো হয়েছে। আমি কোথাও বলিনি শাকিব খানের সঙ্গে সিনেমা করব না।

চিত্রনায়িকা অধরা খান এখন আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই মুঠোফোনে একটি সংবাদমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

অধরার দাবি, তাঁর উদ্ধৃতি ব্যবহার করে প্রযোজক নায়িকার সম্মানহানির চেষ্টা করছেন। যেটা আসলে ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন তিনি।

সম্প্রতি প্রযোজক মোহাম্মাদ মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, তিনি নাকি অধরাকে শাকিবের নায়িকা হওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অধরা। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রযোজকও।

তিনি বলেন, ৩ দিন আগেই আমি অধরাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেই। তবে সে না করে দিয়েছে। শাকিব খানের সঙ্গে সে ছবিটি করতে রাজি হয়নি। কেন রাজি হয়নি সে ব্যাপারে কিছু বলেনি।

এ বিষয়ে অধরার সঙ্গে লাস ভেগাসে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আসলে যেভাবে বলা হচ্ছে তেমন নয়। যে প্রযোজকের কথা বলা হয়েছে তিনি আমার রানিং ছবির প্রযোজক। ‘উন্মাদ’ প্রযোজনা করেছেন। গত এক বা দেড় বছর ধরে উনি চেষ্টা করছেন শাকিব ভাইকে নিয়ে কাজ করার। উনি প্রায়ই আমাকে টেক্সট করেন। সেভাবেই টেক্সট করেছেন। আমি তো জানি আসলে উনার দ্বারা এটা সম্ভব নয়। যার ফলে আমি উত্তর দিইনি। ’

প্রযোজক নিজেকে লাইম লাইটে আনার জন্য গণমাধ্যমকে এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন বলে দাবি করেন অধরা।

অধরা বলেন, ‘আমি শাকিব খানের সঙ্গে সিনেমা করব না, এমন কথা কোথাও বলিনি। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক। তার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। সেখানে আমি কিভাবে তার মতো একজন অভিনেতা নাকচ করব? এটা তো ধৃষ্টতা। এটাকে প্রযোজক কাজে লাগিয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *