‘মুজিব’ সিনেমার ট্রেলার নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‌‌‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ফ্রান্সের স্থানীয় সময় রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের এক ঝলক।

এরপরই দেশের অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্দায় দুর্বল উপস্থাপনায় দেখে বিভিন্ন মহলে চলছে তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্রটিতে তাজউদ্দিন আহমেদ এর চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক রিয়াজ।

তিনি বলেন, ‘আমি অভিনয় করেছি। আমাকে যেভাবে পরিচালক নির্দেশনা দিয়েছেন আমি সেভাবেই আমার কাজটা করেছি। এখন সিনেমা মুক্তির পর আসলে বোঝা যাবে সেটা কী হয়েছে, কেমন হয়েছে। দর্শকরাই ভালো-মন্দ বলবে। আমরা মূলত অভিনয়শিল্পী। একটি চরিত্র অনেকভাবেই করা যায়, যেমন আমরা যেভাবে অভিনয় করেছি, সেটা আরো অনেকভাবেই করা যেতে পারত।’

রিয়াজ বলেন, ‘এই সিনেমার জন্য একটি রিসার্চ টিম ছিল। তাদের রিসার্চের ওপর পরিচালকের নির্দেশনায় আমরা অভিনয় করেছি। ট্রেলার নিয়ে যে সমালোচনা হচ্ছে, এখানে ভিএফএক্স কিংবা কানকে কেন্দ্র করে ট্রেলার বানানো হয়েছে কি না, এসব নিয়ে বলার এখতিয়ার নেই। আমি শুধু আমার অভিনয়ের কথাই বলতে পারি। বাকিটা সিনেমা মুক্তির পর বলা যাবে।’

সমালোচনাকে ইতিবাচকভাবে দেখেছেন রিয়াজ। বুধবার দুপুরে রোমান্টিক এই অভিনেতা বললেন, ‘ট্রেলার নিয়ে এই যে সমালোচনা হচ্ছে, এই সমালোচনার একটা ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক রয়েছে। আর তা হলো বঙ্গবন্ধুর প্রতি অনড় অবস্থান। এই প্রজন্ম বঙ্গবন্ধুর বিষয়ে তীব্রভাবে অনুপ্রাণিত ও তাঁর জায়গাটাকে ধারণ করে বলেই সমালোচনাটা হয়েছে। বঙ্গবন্ধুকে এই প্রজন্ম ধারণ করে বলেই তাঁর কোনো ত্রুটি মানতে নারাজ। ’

নিজের চরিত্র সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী, ‘জানতে চাইলে রিয়াজ বলেন, আসলে ট্রেলারে তো আমাকে খুব সামান্য অংশে দেখা গিয়েছে। এটা নিয়ে এখনই আমি কিছু বলতে পারব না। আর সেটা আলোচনার বিষয়ও না। আমার মতে যা হয়েছে তার জন্য অপেক্ষা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *