১৭ বছর লিভ-ইন, দুই সন্তান হওয়ার পর বিয়ে করলেন তারা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক হংসল মেহতা। ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’-এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৫৪ বছর।

জীবনের এ পর্যায়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন এই নির্মাতা। কনে অভিনেতা ইউসুফ হোসাইনের কন্যা সাফিনা হোসাইন। মঙ্গলবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

১৭ বছর সাফিনা হোসাইনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন হংসল মেহতা। এ সংসারে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ ১৭ বছর লিভ-ইনে থাকার পর বিয়ে করলেন এই জুটি।

বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে নির্মাতা টুইটারে লিখেছেন, ‘১৭ বছর পর আমরা বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আমাদের দুই সন্তান রয়েছে। ছেলেরা বড় হয়েছে। আমাদের স্বপ্নকে ধাওয়া করছে তারা। এই সময়টাকেই আদর্শ বলে মনে হল।’

হানসাল মেহতা জানান, একেবারে পরিকল্পনা ছাড়াই কাজটি করেছেন তারা। তিনি বলেন, ‘এই পদক্ষেপও আচমকা এবং অপরিকল্পিত ছিল। তবে আমরা যে অঙ্গীকার নিয়েছি, তা সত্য। কথায় আছে, দিনশেষে ভালোবাসার জয় হয়। আর এক্ষেত্রেও সেটাই হয়েছে।’

এর আগে মাত্র ২০ বছর বয়সে একটি বিয়ে করেছিলেন হানসাল মেহতা। তার ওই স্ত্রীর নাম সুনীতা। ওই সংসারে তিনি দুটি সন্তানের জনক হন।

সুনীতার সঙ্গে ডিভোর্সের পর সাফিনার প্রেমে পড়েন হানসাল। সাফিনা হলেন বলিউড অভিনেতা ইউসুফ হুসাইনের কন্যা। তাদের প্রেম গভীর হতে সময় লাগেনি। ভালোবেসে শুরু করেন একসঙ্গে বসবাস। টানা ১৭ বছর বসবাসের পর এবার সম্পর্কটিকে আইনি রূপ দিয়েছেন তারা।

হানসাল ও সাফিনার বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। এই তালিকায় আছেন রাজকুমার রাও, মনোজ বাজপায়ী, প্রতীক গান্ধী, হুমা কুরেশিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *