‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেইলার দেখে সমালোচনায় বিস্ময় প্রকাশ করেছেন দেশের প্রবীন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
তিনি একাধারে পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার বিকেলে ঝন্টু একটি গণমাধ্যমকে বলেছেন, আরিফিন শুভ’র গেটাপ আমার কাছে একদম ঠিক, যথার্থ মনে হয়েছে। লং শটে দেখে মনে হয়েছে যেন বঙ্গবন্ধুই দাঁড়িয়ে আছেন। আমি আসলে সিনেমাটার ট্রেলার দেখেছিলাম একজন সাংবাদিকের মোবাইলে। ওই সাংবাদিক আমাকে যখন ট্রেলার দেখালেন তখন আমার কাছে ভালোই লেগেছে।
“মুজিব: দ্য মেকিং অফ আ নেশন” সিনেমার ট্রেলার নিয়ে যারা সমালোচনা করছেন, তারা অনর্থক সমালোচনা করছেন বলেও মনে করেন দেলোয়ার জাহান ঝন্টু।
তিনি বলেন, ‘আমি ট্রেলার দেখে বুঝেছি, একটা সিনেমাতে মূলত যা বোঝানোর চেষ্টা করা হয়, সেটা বোঝাতে পারলেই হলো। বঙ্গবন্ধু সিনেমায় শুভর গেটআপ আমার ভালো লেগেছে। মনে হয়েছে যেন বঙ্গবন্ধুই দাঁড়িয়ে আছেন। আর চশমার ভুল যেটা ধরা হচ্ছে, সেটা দৃশ্য পরিবর্তন হলে, হতেই পারে। এছাড়াও মাইক্রোফোনের ভুল রয়েছে। হ্যাঁ, এমনকিছু ভুল রয়েছে। এসব ছাড়াও আমার কাছে ভালো লেগেছে ট্রেলার। যেটা শো করার চেষ্টা করা হয়েছে সেটা আছে।’
দেশীয় নির্মাতাদের দিয়েও বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করা যেত বলে মনে করেন দেলোয়ার জাহান ঝন্টু। ঝন্টু বলেন, ‘অনেক ভালো নির্মাতা রয়েছেন বাংলাদেশে। যেমন মরহুম আজিজুর রহমান, যদিও উনি চলে গেলেন। কাজী হায়াত ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, হয়তো তারাও ভালো নির্মাণ করতে পারতেন। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু মনে করেছেন শ্যাম বেনেগাল ভালো করতে পারেন। তাই উনাকে দিয়েছেন। আমি মনে করি উনি যেটা নির্মাণ করতে চেয়েছেন সেটা পেরেছেন। উনাকে নিয়ে সমালোচনার কিছু নেই।’
