শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ লজ্জাহীনভাবে বসে আছেন বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, জোর করে চেয়ার দখলের কোনো ইচ্ছে আমার নেই। তাই অসত্যের বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি।
সোমবার (২৩ মে) সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ সময় জায়েদ খান বলেন, আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও নিপুণ আদালতের আদেশ অমান্য করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসে আছেন। তিনি আদালতের আদেশ মানছেন না।
উল্লেখ্য, গত ৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।
এদিকে সোমবার (২৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৫ জুন ধার্য করেছেন।
