মাগুরা: মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
সোমবার (২৩ মে) দুপুরে শহরের ভায়না এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন জানান, সকালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ সেখান থেকে ৯ জন নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, ছাত্রদলের মিছিলের প্রস্তুতিকালে পুলিশ শহরের ভায়না এলাকা থেকে জেলা সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ নয় জনকে আটক করেছে।
রহিম ও সবুজসহ আটকৃতদের অনেকের নামে থানায় আগের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।





