আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।
বগুড়ার এই যুবক একাধারে প্রযোজক, অভিনেতা, গায়ক। ডিসলাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। নিয়মিত শো করেন দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত। তাই ব্যক্তিগত প্রয়োজনে এবার একটি গাড়ি কিনলেন আলোচিত এ অভিনেতা।
রোববার (২২ মে) সৈয়দপুর থেকে গাড়ি কিনে এখন ঢাকার পথে তিনি। টয়োটা ফিল্ডার ২০১৮ মডেলের গাড়িটি কিনে দারুণ খুশি আলম।
তিনি বললেন, ভাই আমার সব স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। নায়ক হয়েছি, প্রযোজক হয়েছি, আমার গানও সবাই পছন্দ করছেন। জীবনের সব চাওয়াই পূরণ হয়েছে। দেশের নানা প্রান্তে শো করতে গেলে একটা গাড়ি খুব প্রয়োজন হয়।
আলম আরও বলেন, এছাড়া এখন আমি সুপারস্টার। নিজের গাড়ি ছাড়া চলতে সমস্যা হচ্ছিল। শুধুমাত্র মানুষের ভালোবাসাই আমাকে সুপারস্টার বানিয়েছে। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। শূন্য থেকে হিরো আলম আজ অনেক কিছু পেয়েছে শুধুমাত্র দর্শকের ভালোবাসার কারণে।
আজ হিরো আলমের গাওয়া রূপ নগরের রাজা শিরোনামে একটি নতুন গান অনলাইনে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে ভীষণ আশাবাদী বলছিলেন আলম।
এদিকে বর্তমান স্ত্রী নুসরাতের সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো নেই। আলাদা থাকছেন তারা। নতুন করে রিয়ামণি নামে এক মডেলের সঙ্গে জুটি বেঁধে স্টেজ পারফরমেন্স করছেন তিনি। রিয়ার সঙ্গে জুটি হয়ে নতুন সিনেমাও আসবে বলে জানিয়েছেন আলম।
