ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছরের মার্চে দেশে এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ওই বিয়েতে সানি লিওন ছাড়াও আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। কিন্তু তাদের মধ্যে আলোচনায় আসেন সানি লিওন।
ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওই সময় সানির সঙ্গে আলাপ হয় তার। ছবি তোলেন তার সঙ্গে। এমনকি সানি লিওনের সঙ্গে নাচেরও সুযোগ পান তিনি।
ওই সাক্ষাৎ প্রসঙ্গে পরে গণমাধ্যমকে দীঘি বলেছিলেন, ‘সানি খুবই ভালো, লক্ষ্মী’। দীঘির মন্তব্যটি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক হাসাহাসি হয়। এমনকি কেউ কেউ তো দীঘিকে সানি লিওনের সঙ্গেও তুলনা করে বসেন!
এ বিষয়ে দীঘি কী মনে করেন? সানি লিওনের সঙ্গে কি তার মিল আছে? একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় দীঘিকে। জবাবে তিনি বলেন, ‘আমি তো আমার সঙ্গে সানি লিওনের কোনো মিল পাই না। কারণ দুইটা ভিন্ন দেশের মানুষ আমরা। বয়সের ব্যবধানও তো অনেক। আমার পরিচয় একদমই আলাদা। আমি দীঘি, বড় হয়েও দীঘি, আবার শিশুশিল্পী হিসেবেও দীঘি, ভবিষ্যতেও তাই থাকব।’
প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে অভিষেক হয়েছে দীঘির। এ পর্যন্ত নায়িকা চরিত্রে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এখানে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে।
