স্বামীকে সিনেমার নায়ক বানাবেন মাহিয়া মাহি

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারের শুরুতে অভিনয় নিয়ে বেশ মনোযোগী ছিলেন। শুটিং ডাবিংয়ে ব্যস্ত সময় কাটত তার। এখন অভিনয়ের পাশাপাশি গাজীপুরের রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন এই নায়িকা।

তাই কথা উঠেছে নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ বিষয়েই প্রশ্ন রাখলে উত্তরে সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ইদানীং ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। তবে ক্যারিয়ারের এই সময়ে বছরে একটি অথবা দুটি ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

মাহির কথা যে মিথ্যা নয়, তার কাজের ফর্দ ঘাঁটলেই এর প্রমাণ মেলে। তার হাতে নেই কোনো নতুন ছবি।

এদিকে সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনায় নাম লেখাতে চান এই নায়িকা। প্রযোজিত প্রথম ছবির নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ। তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- টাইম ফ্রেম জানাননি মাহি।

উল্লেখ্য, মাহিয়া মাহি এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে বিয়ের পর প্রায় পাঁচ বছর সংসার করেছেন তারা। গেল বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন নায়িকা। এরপর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *