গত মঙ্গলবার থেকে ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। সেখানে বৃহস্পতিবার দেখানো হলো স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার। ‘মার্শে দ্যু ফিল্ম’ বাণিজ্যিক শাখায় ভারতীয় প্যাভিলিয়নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেখানো হয় ট্রেলারটি।
শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। যার কারণে বৃহস্পতিবার সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিই হাজির ছিলেন।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। গত ১৭ মে (মঙ্গলবার) রাতে একটি ফ্লাইটে রওনা কানে যান তারা। সঙ্গে গিয়েছেন তিশার স্বামী চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও চার মাসের মেয়ে ইলহাম।
ফ্রান্স থেকে এক জাতীয় দৈনিকের সঙ্গে তিনি কথা বলেছেন আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণ, সিনেমায় অভিনয়সহ নানা বিষয় নিয়ে।
প্রশ্ন: এত বড় একটি উৎসবে নিজের অভিনীত সিনেমার ট্রেলার উন্মুক্ত হয়েছে। কেমন লাগছে?
তিশা: একজন অভিনয় শিল্পী হিসেবে আমি ভীষণ আনন্দিত কান চলচ্চিত্র উৎসবে এসে। বাংলাদেশি অভিনেত্রী হিসেবে গর্ববোধ করছি। এভাবেই বাংলাদেশের সিনেমা বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে। আমাদের সিনেমার জয় হোক, জয় করুক বিশ্ব।
আমার বিশ্বাস এই সিনেমা নিয়ে আমরা পৃথিবীর অনেক বড় বড় উৎসবে যেতে পারব।
প্রশ্ন: মেয়েকে সঙ্গী করেছেন। নতুন অভিজ্ঞতার কথা বলুন?
তিশা: আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। এত বড় উৎসবে সঙ্গী হয়েছে আমার কন্যা। আমার খুশি অনেক বেড়ে গেছে। এমন অনুভূতি আসলে বলে বোঝানো কঠিন।
প্রশ্ন: ‘মুজিব’ সিনেমাটি নিয়ে বলুন?
তিশা: ‘এটা একটা ঐতিহাসিক সিনেমা। এত বড় একজন মহান নেতা, মহান রাজনীতিবিদকে নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। তারপরও বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে আমি আছি। এটা আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্র যোগ করবে।
শুটিং করার সময় যত্ন ও ভালোবাসা বেশি ছিল। সব সময় ভেবেছি, কত বড় একটি কাজ করছি। সবার কাছে ভালোবাসা চাই, এভাবেই কাজ করে যেতে চাই।’
