শেষ মূহুর্তে স্থগিত প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন

হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত হয়েছে। শনিবার (২১ মে) বিএফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় শনিবার নির্বাচন হচ্ছে না।

এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল-মোহাম্মদ সেলিম খান এবং মুশফিকুর রহমান গুলজার-কামাল মো. কিবরিয়া লিপু—এই দুটি সমমনা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গেছে।

নির্বাচনে লড়তে দুই সমমনা প্যানেলের ৪৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে চার জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বাতিল শেষে এখন বৈধ প্রার্থীর সংখ্যা ৪০–এ দাঁড়িয়েছে। সবাই কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন। বিজয়ীরা আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, ২০১১ সালে হওয়া সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তির মালিকানায় যতগুলো প্রতিষ্ঠানই থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠানের নামে আলাদা টিআইএন না থাকলে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধির ভোটাধিকার থাকবে না।

প্রযোজক নেতা আলিমুল্লাহ খোকন জানান, এই নিয়মিটি ২০১৮ সালে পরিবর্তন করা হয়। এক টিআইএন এর আওয়তায় অনেকে ভোট দিতে পারবেন বলে নিয়ম হয়।

আলিমুল্লাহ খোকন বলেন, ‘সমস্যা হলো আগের নিয়মটিই (২০১১ সালের) তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের নিয়মে (২০১৮ সালের) যেন নির্বাচন করা হয় সেই জন্য রিট করেন মোহম্মদ হোসেন। এর বাদি খোরশেদ আলম খসরু।’

নির্বাচন এখন স্থগিত করা হলেও মাস খানেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান আলিমুল্লাহ খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *