সাকিব ছাড়া সবারই বিকল্প রয়েছে: মুশফিকের স্ত্রীর উদ্দেশ্যে পাপন

দুই টেস্ট ম্যাচের প্রথমটি নিষ্প্রাণ ড্র হয়েছে। তবে সে ম্যাচে মাঠের খেলা উত্তাপ না ছড়ালেও বাইরের ঘটনায় ঠিকই তেতে উঠে ক্রিকেটপাড়া। ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহীম। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান করার মাইলফলকও স্পর্শ করেন তিনি।

এরপরই সেঞ্চুরিয়ান মুশফিকের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

এরপরই শোরগোল পড়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। সবাই বুঝতে পারেন যে মুশফিকের স্ত্রী স্ট্যাটাসটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্দেশ্যে দিয়েছেন। এবার বিসিবি সভাপতি তার সে স্ট্যাটাসের জবাব দিয়ে জানালেন, সাকিব বাদে সবারই বিকল্প রয়েছে।

আলোচনার সূত্রপাত হয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, তাদের চাওয়া সিনিয়ররা হাসিমুখে বিদায় নিক। তারা সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে বিসিবিই সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি অফফর্মের কারণে তুমুল সমালোচনার শিকার হন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম। যার ফলে বিসিবি বসের বার্তাটা ফর্মহীন মুশফিকের ঘাড়েও বর্তায়। তবে গতকাল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পাপন দাবি করেন, তিনি তার সেদিনের বক্তব্যে একবারের জন্যও মুশফিকের কথা বলেননি।

পাপন বলেন, আসলে এগুলো কেন বলা হচ্ছে আমি জানি না। সেদিন কিছু খবরের শিরোনাম দেখলাম আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।

সাংবাদিকরাই মুশফিক ইস্যু টেনেছে উল্লেখ করে পাপন বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। এখানে মুশফিক আসলো কোত্থেকে!

তাহলে মুশফিককে নিয়ে প্ল্যান আছে আপনাদের? এই প্রশ্নের উত্তরে পাপন বলেন, আমার মতে মুশফিক টেস্টের জন্য বেস্ট। তারপরে ওডিআই তারপরে আসে টি-টোয়েন্টি। তার মানে কিন্তু এটা না যে ভারতে যে ইনিংস খেলে এসেছে আমি সেটার কথা বলবো। তামিম যেমন সিদ্ধান্ত নিয়েছে যে সে টি-টোয়েন্টি খেলবে না। আমি বরং বলবো খেলতে কারণ আমাদের ওপেনার নাই। ওপেনার সবচেয়ে বেশি দরকার।

তাহলে কী তামিম খেলবেন? এর উত্তরে পাপন বলেন, ও (তামিম) বলেছে যে ও খেলবে না। তার মানে টি-টোয়েন্টি থেকে গেছে ও। রিয়াদ চলে গেছে টেস্ট থেকে। এখন মুশফিক কী করবে সেটা মুশফিকই জানে। এই মুহূর্তে আমরা মুশফিককে এই ফরম্যাটে রাখবো কী রাখবো না তা নিয়ে আমরা ভাবছি না, বা না-ও রাখতে পারি। দেখা যাক, কিছুদিন গেলে বোঝা যাবে। সমস্যা হলো যে, আমার সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না।

সিনিয়র খেলোয়াড়দের নিয়ে পাপনের দেয়া সেই বক্তব্যের বিপরীতে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি নিজের ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

মুশফিকের স্ত্রীর এই স্ট্যাটাসের বিপরীতে পাপন জানান, শুধু মুশফিক কেন স্বয়ং তারও বিকল্প রয়েছে। পাপন বলেন, এখন পর্যন্ত যেসকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। বিসিবি ও বিসিবি’র বাইরে সভাপতি হতে পারেন এমন অনেকেই আছেন। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *