‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী চলে গেছেন না ফেরার দেশে। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোবিজ অঙ্গনেও নেমে এসেছে শোকে ছায়া। গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গাফফার ভাইয়ের অনেক মত বা কথার সঙ্গে আমার দ্বিমত ছিল, অনেক কথার সঙ্গে একমত ছিল। আমার কাজ খুঁজে বের করে দেখে আমাকে ফোন দিয়ে উনি উৎসাহ দিতেন। আমার কাজ সরকারি সেন্সর কলে আটকা পড়লে তিনি এর প্রতিবাদ করতেন। তিশার অভিনয়ের দারুণ ভক্ত ছিলেন উনি। ব্যক্তিগত আলাপচারিতায় যতটুকু বুঝেছি সিনেমার ব্যাপারে ওনার আগ্রহ ছিল প্রবল এবং ওনার সিনেমারুচি ওনার সময়ের তুলনায় অগ্রসর।‘
“ওনাকে আমি অনেকবার একটা কথা বলেছি- গাফফার ভাই, আপনি যদি আর কিছু নাও লিখতেন, কেবল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র জন্যই আপনার স্থান বাংলাদেশের ইতিহাসে পাকা থাকতো। আপনাকে ভালোবাসুক মন্দবাসুক, প্রতিবছর একবার করে বাংলাভাষী মানুষ প্রাণ খুলে গাইবে আপনার লেখা গান। কোনো এক একলা ছাদের নিচে বসে লেখা আপনার শব্দগুলা ডানা মেলবে ওদের কণ্ঠের আবেগে। ভাবা যায় কি এক বিস্ময়কর ঘটনা এই গান? বিদায় আবদুল গাফফার চৌধুরী!’
