শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং বাংলাদেশের শান্ত খান।
বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হলেও করোনার কারণে সম্ভব হয়নি। এবার বেশ বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ১০ জুন সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান শান্ত খান।
শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।
যোগ করে শান্ত আরও বলেন, প্রতিটি দৃশ্যের আগে তার সঙ্গে আলাপ হতো। এখানে সে আমার শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।
শান্ত-শ্রাবন্তী ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ আরও অনেকে। ‘বিক্ষোভ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।
