কোরবানির ঈদেও শাকিব খানের আধিপত্য

দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান দুই ছবি দিয়ে দর্শক মাতিয়েছেন গেল ঈদে। এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’ ও শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ছবি দুটি মুক্তি পেয়েছে এ নায়কের।

এরমধ্যে ‘বিদ্রোহী’- সর্বাধিক হলে চলেছে। তবে প্রসংশার দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে ‘গলুই’ ছবিটি। এখানে শাকিব খানের নায়িকা হয়ে প্রথমবারের মতো অভিনয় করছেন পূজা চেরি। সব মিলিয়ে শাকিব-পূজা জুটিকে এ ছবির মাধ্যমে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন দর্শক।

এদিকে জানা গেছে, এই ঈদের মতো আসছে ঈদেও দু’টি ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে শাকিব খান অভিনীত। এরমধ্যে একটি হলো- ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ আর অন্যটি হলো তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’। এরমধ্যে প্রথম ছবিটিতে শাকিবের বিপরীতে রয়েছেন ওপার বাংলার দর্শনা বণিক। আর পরেরটিতে শাকিবের নায়িকা হয়েছেন শবনম বুবলী।

এরইমধ্যে শাকিবের ফ্যান ক্লাব থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোরবানির ঈদে এ দু’টি ছবির মুক্তি পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। প্রতি ঈদেই শাকিবের ছবি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

সেদিক থেকে গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে অনেক ছবিই মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে এবার করোনা পরিস্থিতির উন্নতির কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক হলও খুলেছে। তাছাড়া শাকিবের ছবি মুক্তির সময়ও বন্ধ অনেক হল খুলতে দেখা যায়। এবারো তার ব্যতিক্রম হয়নি।

ঈদে শাকিবের ছবি দেখতে হলে এসেছেন দর্শক, উপভোগ করেছেন ঠিক আগের মতো। আসছে কোরবানির ঈদেও প্রিয় এই তারকার ছবি দেখার জন্য তাই উদগ্রীব তার ভক্তরা। শাকিব নিজেও তার ফেসবুক পোস্টে সে ইঙ্গিত দিয়েছেন।

তিনি ‘অন্তরাত্মা’র একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, আপকামিং ফিল্ম! তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন শাকিবের দু’টি ছবিই মুক্তি দেয়া উচিত কোরাবানির ঈদে। তাহলে চলচ্চিত্রে উন্মাদনা ফিরবে। আর সেটা না হলেও একটি অন্তত ছবি নিয়ে তো কোরাবানির ঈদে নিজের আধিপত্যের জানান দিতে আসছেনই শাকিব খান!

প্রসঙ্গত, এ নায়ক দীর্ঘ সময় ধরে আমেরিকায় রয়েছেন। সেখানে গ্রিন কার্ডের জন্যও আবেদন করেছেন। আমেরিকাতেই একটি ছবিরও ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। তবে দ্রুতই শাকিব দেশে ফিরে নতুন ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন।

শাকিব খান গত সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশে ফেরার সময় হয়ে গেছে। শিগগিরই দেশে ফিরবো। আমি এখানে আরাম আয়েশে বসে আছি এমনটা নয়। কাজের মধ্যে আছি। আমেরিকার মতো দেশে সিনেমার শুটিং করা মুখের কথা না। সবকিছু গোছাতে একটু সময় লাগছে।’

ঢাকাই ছবির এই সুপারস্টার বলেন, কিছু মানুষের বদ দোয়া আমাকে কখনও কিছু করতে পারেনি। বহু বছর ধরে দেখেছি এরা আসলে স্বার্থান্বেষী মহল। তাদের বাজে কথায় কান দিতাম, তাহলে হয়তো আরও আগেই থেমে যেতে হতো। দশজন আমার খারাপ চাইলেও কোটি মানুষ আমার জন্য ভালো চায়, আমার জন্য দোয়া করে। তাদের ভালোবাসার শক্তিতে আমি দ্বিগুণ এগিয়ে যাই। সবাইকে খুশী করে চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। সবসময় আমার কাজটা করেছি এবং যতদিন বেঁচে থাকবো করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *