দেশজুড়ে দাবদাহ বাড়তে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুই দিন পরে আবার হালকা থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে।
গতকাল বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির এ পূর্বাভাস জানান।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তারিফুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। রাতের দিকে এই ভাপসা গরমটা আরো বাড়তে পারে। এর মধ্যে দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের থেকে সামান্য বেশি। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
