অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটালেন অনন্ত-বর্ষা

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসব। উৎসবে বিশ্বের নন্দিত তারকারা দ্যুতি ছড়ান। এবার কানে গিয়ে আলোর দ্যুতি ছড়াচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা জুটি।

এই জুটি সেখানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরা অনন্ত-বর্ষাকে পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

এর আগেও অনন্ত-বর্ষা সিনেমা নিয়ে কান উৎসবে অংশ নিয়েছেন। এবারের আসরে তারা গেলেন ‘দিন: দ্যা ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে। সেখানেই ক্যামেরায় ধরা দিলেন এই তারকা দম্পতি।

মঙ্গলবার রাতে সেখানে হাজির হওয়ার একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন অনন্ত। যেখানে দেখা যায় অনন্ত-বর্ষার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সাংবাদিকরা। এ সময় কয়েকজনকে তাদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

এদিকে বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন অনন্ত। যেখানে দেখা যায় এই উৎসবে গিয়ে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সাক্ষাৎ পেয়েছেন বাংলাদেশের তারকা দম্পতি অনন্ত-বর্ষা।

অনন্তর পোস্ট করা একটি ছবিতে দেখা যায় একটি কক্ষে মোবাইলের দিকে তাকিয়ে হাসছেন তিনি। তার পাশেই দাঁড়িয়ে আছেন অভিষেক। একটু দূরে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে ঐশ্বরিয়া। অপর ছবিটি মূলত অনন্তর স্ত্রী বর্ষার সেলফি। যেখানে অভিনেত্রী ফ্রেমবন্দি হয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে।

ছবি দুটির ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘একসঙ্গে ঢালিউড এবং বলিউডের তারকারা। অনন্ত জলিল এবং খাদিজা পারভীন বর্ষা ঐশ্বরিয়া রায় রচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *