ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি

এখন থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে আর পণ্য বিক্রি করবে না সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীতে ভর্তুকি মূল্যে এ পণ্য মিলবে ডিলারদের দোকানে।

বুধবার (১৮ মে) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি না করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামীতে ট্রাকে নয় ডিলারদের দোকানে পণ্য বিক্রি করা হবে। বিভিন্ন এলাকা ও সিটি করপোরেশনের বেশিরভাগ ওয়ার্ডে ডিলারদের দোকান আছে। সেখানে পণ্য বিক্রি করা হবে। যেসব জায়গায় ডিলারদের দোকান নেই সেখানে ব্যবস্থা করা হবে।

এ বছর রমজান উপলক্ষে সরকার সারাদেশে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন বাদে দেশের অন্যান্য জায়গায় কারা টিসিবির পণ্য কিনতে পারবেন, তাঁদের তালিকা তৈরি করে পরিবারপ্রতি একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। সূত্র জানায়, সারাদেশে ৮৬ লাখ ১৬ হাজার পরিবারকে এ ধরনের কার্ড দেওয়া হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশনে আগের মতো খোলা ট্রাকে বিক্রি হয়েছে। এই তিন সিটি করপোরেশনেও ১৩ লাখ ৯০ হাজার কার্ড দেওয়া হবে।

সম্প্রতি বিভিন্ন পণ্যের দাম বেশ বেড়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় টিসিবি ফের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়। গত ১১ মে সংস্থাটি জানায়, ১৬ মে থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হবে। চলবে ৩০ মে পর্যন্ত। কিন্তু ১৫ মে রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে পণ্য বিক্রি স্থগিত করা হয়।

সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ, টিসিবির ট্রাকের পেছনে ক্রেতাদের লম্বা লাইন, চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়া এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। আবার অনেক ক্ষেত্রে প্রকৃতভাবে উপযুক্ত ব্যক্তি পণ্য পান না। অনেকে এসব নিয়ে ব্যবসা করে। এ জন্য সুবিধাভোগী চিহ্নিত করে কার্ডের মাধ্যমে দোকান থেকে পণ্য বিক্রির ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে জন্য আপাতত টিসিবির পণ্য বিক্রি স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *