বিশ্বের মর্যাদাপূর্ণ ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়। উদ্বোধনী সিনেমা কাট প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হলো এবারের আয়োজন। দীর্ঘ দুই বছর পর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে কান।
করোনাকে গুরুত্ব না দিয়ে লালগালিচা আর আড়ম্বরপূর্ণ আয়োজনে সিনেমা পরিচালক, তারকা, প্রযোজকদের উপস্থিতি সেই কথাই জানিয়ে দিল। এবারের এই উৎসব ঘিরে আমেজে রয়েছেন আরিফিন শুভ ও তিশারা। প্রথমবারের মতো কানে অংশ নিচ্ছেন তাঁরা। এই আয়োজনে ১৯ মে তাঁদের অভিনীত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রকাশিত হবে।
ইতিমধ্যে আরিফিন শুভ কানে পৌঁছেছেন। এবার চার মাসের মেয়ে ইলহামকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে গেলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার (১৭ মে) রাতে একটি ফ্লাইটে রওনা রওনা দেন তিনি। সঙ্গে গিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ফারুকী একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিশা ও মেয়ে ইলহামের সঙ্গে দেখা গেছে তাকে। বিমানে তোলা সেই ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘কানে যাচ্ছি বেবিসিটার হিসেবে। তিশা যাচ্ছে তার ছবি মুজিব-এর ট্রেলার প্রকাশের জন্য। আমি বেবি সিটার হিসেবে! একদমই নতুন এবং সুন্দর অভিজ্ঞতা আমার জন্য! এটি ইলহামের প্রথম ট্যুর।’
১৯ মে কানে উন্মুক্ত হবে ‘মুজিব’ সিনেমার ট্রেলারটি। ট্রেলার প্রকাশের সময় কান উৎসবে তিশা-আরিফিন শুভ’র সঙ্গে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া ভারতের তথ্যমন্ত্রী, নির্মাতা শ্যাম বেনেগাল সহ ভারতীয় অংশ থেকে কয়েকজন উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
