অনেকেই অনুদান পেয়েছে, আমারও পাওয়া উচিত: অঞ্জনা

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে তিনি। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অঞ্জনা।

নতুন খবর হচ্ছে—এই নায়িকা এবার চলচ্চিত্রে সরব হচ্ছেন ভিন্ন পরিচয়ে। সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অভিনেত্রী।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সব কিছু বিবেচনা করে আমিও ভাবছি অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত। আশাবাদী আমিও পাবে।’

‘যেহেতু আমি প্রথমবার পরিচালনায় আসছি তাই গাইড হিসেবে আমার একজন অভিভাবক থাকবেন। অনুদান না পেলে নিজ অর্থায়নে সিনেমাটি নির্মাণ করবো।’ বলেন এই চিত্রনায়িকা।

দীর্ঘ ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে কিছু আছে? এ প্রশ্নের উত্তরে অঞ্জনা বলেন, ‘যা কিছু অর্জন করেছি তার পুরোটাই প্রাপ্তি। আমার প্রডাকশন থেকে সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার আশা আছে। জানি না কতটুকু পারব। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।’

এক সময়ের জনপ্রিয় এই নায়িকা তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও আলাদা খ্যাতি রয়েছে তার।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অঞ্জনা বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৯টি দেশের ১৩টি ভাষায় অভিনয় করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও হংকংয়ের সিনেমায় দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *