প্রসেনজিৎ-মিথিলার সিনেমা নিয়ে ‘দুঃসংবাদ’ দিলেন নির্মাতা

কলকাতার বেশ কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কোনোটির শুটিং শেষ, কোনোটি আছে মাঝপথে। তালিকায় আছে—রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। তবে এগুলোর মধ্যে এগিয়ে ছিল ‘আয় খুকু আয়’।

এ মাসেই (২৭ মে) মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু গতকাল এক ফেসবুক পোস্টে নির্মাতা শৌভিক কুণ্ডু দিলেন ‘দুঃসংবাদ’। তিনি জানিয়ে দিলেন, ‘আয় খুকু আয়’ এ মাসে আসছে না। টালিউডে মিথিলার অভিষেক পিছিয়ে গেল আরও প্রায় এক মাস। জানানো হয়েছে, ২৭ মের বদলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

২৭ মে মুক্তির তালিকায় আছে আরও তিনটি সিনেমা— ‘শবর’, ‘চিনেবাদাম’ ও ‘ভয় পেও না’। ব্যবসায়িক সুবিধার জন্য তাই পিছু হটেছে ‘আয় খুকু আয়’। এত সিনেমার ভিড়ে পরস্পরকে টেক্কা দিতে গেলে বা লড়াইয়ে নামলে তা বাংলা সিনেমার জন্যই ক্ষতি। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।

আরেকটি কারণও অবশ্য জানিয়েছেন নির্মাতা শৌভিক—টেকনিক্যাল কারণ। গ্রাফিকসের কিছু কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লেগে যাবে। বাধ্য হয়ে তাই কিছুটা দিন সময় নিতে চেয়েছেন তিনি ও প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস।

‘আয় খুকু আয়’ সিনেমার গল্প গ্রামের প্রেক্ষাপটে। মেয়েকে বড় করতে একজন একা বাবার সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। বাবার চরিত্রে প্রসেনজিৎ, মায়ের চরিত্রে মিথিলা আর তাঁদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *