ক্ষমতা চিরকাল থাকবে না: নেতাকর্মীদের ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না।

আজ সোমবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দন্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তথ্য-প্রমাণ দিয়ে কথা বলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন।

পিকে হালদারের বিষয়ে কাদের বলেন, তিনি আওয়ামী লীগের কেউ নয়, তবুও তিনি অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত, তার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরা কারবারি ও সন্ত্রাসের সাথে জড়িত, দলে তাদের স্থান কোনভাবেই হবে না। ভালো লোক ও ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে।

পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে না টানতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মাসেতু আজ দৃশ্যমান, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *