“গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত, এতটুকু শুনেই ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি। পরে যুক্ত হলেন আফসানা মিমি। আমরা যারা ‘নাইন্টিজ কিডস’ তাদের কাছে মিমি আপা মানে অন্যরকম কিছু, বিশেষ করে তার হাসি।”
পাপ পুণ্য সিনেমায় যুক্ত হওয়ার কারণ হিসেবে এসব কথা বলেন অভিনেতা সিয়াম। ২০ মে সিনেমাটি দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। সে উপলক্ষে সোমবার (১৬ মে) দুপুরে চ্যানেল আই ভবনে ছিল সংবাদ সম্মেলন।
আয়োজনে সিয়াম আরও বলেন, ‘মনপুরা সিনেমাটি আমি আমার বাবা-মাকে নিয়ে দেখেছিলাম। সেই সিনেমার অভিনয়শিল্পী, সেই সিনেমার পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে কত স্পেশাল, সেটা বোঝানো যাবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আফসানা মিমি, শাহনাজ সুমি, চঞ্চল চৌধুরী এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
চঞ্চল চৌধুরী বলেন, ‘সেলিম ভাই এবং আমি অনেক কাজ করেছি। তার সঙ্গে আমার রসায়নটাই অন্যরকম। পাপ পুণ্য সিনেমার গল্পটা অসাধারণ। আমি তো সেলিম ভাইকে শুটিং সেটে বলেছিলাম, মনপুরার পরপরই এ সিনেমাটি করে ফেলা দরকার ছিল।’
সিনেমায় মামুনুর রশীদ অভিনয় করেছেন জনপ্রতিনিধির চরিত্রে। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় কাজ করেছিলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সেলিমের সিনেমা শুনে আর না করিনি। কাজ তো করে ফেলেছি, এখন দর্শকদের দেখার পালা।’
উল্লেখ্য, উত্তর আমেরিকা ও কানাডার ১১২টি থিয়েটারে আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি সিনেমা ‘পাপ-পুণ্য’। এই সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম।
