আমদানি বন্ধের পর খুলনায় ঝাঁজ বাড়তে শুরু করেছে পেঁয়াজের। প্রতিকেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে। অথচ দুই দিন আগেও কেজিপ্রতি দাম ছিল ২৫-৩০ টাকা।
গত ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় কৃষি মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দাবি করছেন নির্দিষ্ট সময়ে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার কারণে প্রতিকেজিতে দাম ১২-১৫ টাকা বেড়েছে।
মিস্ত্রিপাড়া বাজারে বাজার করতে আসা গৃহিণী করিমন বেগম বলেন, যে আয় হয় তা দিয়ে চাল-ই ঠিকমতো কিনতে পারি না। আর তেল-পেঁয়াজ কেনা তো দূরের কথা।
নগরীর বড় বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহের পরিমাণ ও আমদানি স্বাভাবিক আছে। তবে বাজারে ভারতীয় এলসি পেঁয়াজ আমদানি কম হওয়ায় এর দাম বেড়ে গেছে।
সোনাডাঙ্গা পাইকারি বাজারের ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, ফরিদপুরের শালতা, নগরকান্দা ও অন্যান্য এলাকা থেকে এই বাজারে পেঁয়াজ আমদানি করা হয়। সেখানে দাম বেড়ে গেলে এখানেও দাম বেড়ে যাবে এটাই স্বাভাবিক। এছাড়া পেঁয়াজের গায়ের রস শুকিয়ে গেছে। কিছু অসাধু ব্যবসায়ী দাম আরো বাড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখছে। তাছাড়া মূল্য বৃদ্ধির কারণ হিসেবে আমদানি বন্ধ হওয়ার বিষয়টি তো আছেই।
তবে ব্যবসায়ীদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
