Home বিনোদন লুকে পরিবর্তন আনতে ১২ দিন কলকাতায় ছিলাম: ফারিণ

লুকে পরিবর্তন আনতে ১২ দিন কলকাতায় ছিলাম: ফারিণ

0
134

চলচ্চিত্রে অভিনয় করতে চান এমন কথা তাসনিয়া ফারিণের মুখে শোনা গিয়েছিল। বড় পর্দায় দেখা না গেলেও চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে তাঁর অভিষেক প্রশংসিত হয়। এবার বাংলাদেশের নাটকের এই অভিনয়শিল্পীর ভারতের বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটছে। কলকাতার নামকরা পরিচালক অতনু ঘোষের পরবর্তী চলচ্চিত্র ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় দেখা হবে তাঁর।

এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। মে মাসের ২০ তারিখ থেকে লন্ডনের নানা জায়গায় এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

কিন্তু কিভাবে কলকাতার গুণী নির্মাতার সিনেমায় যুক্ত হলেন ফারিণ? উত্তরে তিনি বলেন, ‘বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক আগেই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। আর আমি এমন একটি চ্যালঞ্জিং চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে গত মার্চে অতনুদার পক্ষ থেকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব আসে। এরপর চিত্রনাট্য হাতে পাই। গল্প ও চরিত্র দুটোই আমার পছন্দ হয়েছে বলেই এতে অভিনয় করার সম্মতি জানাই।’

ফারিণ আরও বলেন, ‘‘আমার অভিনীত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজটি অতনুদার টিমের সবাই দেখেছেন। মূলত এর পরই তারা আমাকে নিয়ে কাজের আগ্রহ প্রকাশ করেন। এর পরই অভিনয়ের বিষয়ে পাকা কথাবার্তা হয়। ৩০-৩৫ জন মানুষের জীবনের গল্প নিয়েই এই সিনেমা। ”

শুনলাম ‘আরও এক পৃথিবী’র শুটিং হবে লন্ডনে। আপনি কবে থেকে অংশ নেবেন? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘লন্ডনে ছবির শুটিং হবে। আমি আগামী মঙ্গলবার লন্ডন যাবো। সেখানে ১৮ দিনের শিডিউল, ২০ মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ হবে।’

সিনেমার গল্পটি কেমন আর আপনাকে কোন চরিত্রে দেখা যাবে? উত্তরে ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প কয়েকজন মানুষের জীবনের গল্প নিয়ে। যাদের মাথার ওপরে কোনো ছাদ নেই। তাদের অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে গল্পে। এতে আমার চরিত্রের নাম প্রতীক্ষা। সহশিল্পী হিসেবে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যের মতো গুণী অভিনয় শিল্পীরাও এতে অভিনয় করবেন।’

প্রথম সিনেমা, প্রস্তুতি কেমন? এই অভিনেত্রীর ভাষ্য, ‘এটি কলকাতার সিনেমা আর শুটিং হবে লন্ডনে। কথাবার্তা, সাজসজ্জা, সংস্কৃতি ও সেখানকার মানুষের জীবনধারা সম্পর্কে বিশদ জানার চেষ্টা করছি। লুকেও পরিবর্তন এনেছি। চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য গত মাসে ১২ দিন কলকাতায় ছিলাম। ওখানে স্ট্ক্রিপ্ট রিডিংয়ের পাশাপাশি লুক সেটও করেছি। আশা করি, সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে শেষ করতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here