অরক্ষিত রেল ক্রসিং: গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জন অটোযাত্রীর। শনিবার সন্ধ্যায় হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যাল বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ খালেক (৫৫), ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যাল বিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ খালেক নিহত হন। অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানার ওসি মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআরপি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *