দোকানে লুকানো ১৪ লিটার সয়াবিন, ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে অভিযান চালিয়ে একটি দোকানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা পুরোনো দামের ১৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়।

একইসঙ্গে বেশি লাভের আশায় পুরোনো তেল লুকিয়ে রাখার দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে নগরীর মেছুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পাল নামে একটি দোকানে গিয়ে দেখা যায়, ওই দোকানের বিভিন্ন স্থানে পুরোনো দামের সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখা হয়েছে।

পরে দোকানটি থেকে ১৪ লিটার তেল উদ্ধার করে আগের দামেই ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাজারে তেলের সংকট থাকলেও ঈদের আগে কেনা পুরোনো দামের তেল এখনো মজুদ রয়েছে। তাই বর্তমানে সেই তেল উচ্চমূল্যে বিক্রি অপরাধ।

সরেজমিনে দেখা যায়, পুরোনো তেল জব্দের পর তাৎক্ষণিক তা আগের দামে বিক্রির ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় তেল কিনতে হুড়োহুড়ি বেধে যায় দোকানের সামনে। মুহূর্তেই ১৪ লিটার সয়াবিন তেল কিনে নেন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *