শবনম বুবলী। বড় পর্দার সফল নায়িকা তিনি। দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বেশকিছু হিট ছবি উপহার দিয়েছেন। এই ঈদেও শাকিব খানের বিপরীতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা। দেশব্যাপী ১০২টি হলে মুক্তি পাওয়া সিনেমাটিতেও বুবলীর অভিনয় বরাবরের মতো পছন্দ করছে দর্শক।
শুধু বড় পর্দা নয়, এই নায়িকা এখন ওটিটিতেও নিয়মিত অভিনয় করছেন। হচ্ছেন আলোচিতও। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম চরকিতে ‘৭ নাম্বার ফ্লোর’ নামে একটি ওয়েব সিনেমা মুক্তি পেয়েছে তার। যেখানে একজন সুপারস্টার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বুবলী। ছবিটিতে ব্যতিক্রমভাবে নিজেকে উপস্থাপন ও অভিনয়ে আলাদা দক্ষতার স্বাক্ষর রাখার কারণে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
সিনেমা ও সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলী।
প্রথমেই জানতে চাই ঈদ কেমন কাটলো?
ঈদের আগের দিন পর্যন্ত টানা শুটিং ছিল। সবশেষ কক্সবাজারে ৭-৮ দিন ‘বিট্রে’র কাজ করলাম। এরপর থেকেই শরীরটা ভালো নেই, ঠান্ডা জ্বর। তাই ঈদের আমেজে কিছুটা বেঘাত হয়েছে। তারপরও বলবো ভালো কেটেছে। সারাদিন বাসাতেই ছিলাম, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি।
ঈদের সিনেমা ‘বিদ্রোহী’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালো। পরিচিত সবাই ফোন করে ছবির প্রশংসা করছেন। আর ছবিটিও কিন্তু সব থেকে বেশি হলে চলছে। যতটুকু শুনেছি, প্রতিটি শো হাউজফুল। এটা আমাদের সিনেমা ইন্ড্রাষ্টির জন্য ভালো খবর।
আপনি হলে গিয়েছিলেন?
না, যাওয়া হয়নি। শরীর ভালো ছিল না বলে যেতে পারিনি। তবে বিভিন্ন সিনেমা হলে খোঁজখবর নিচ্ছি। এদিকে ‘বিদ্রোহী’ পরিচালক ও টিমের সঙ্গে কথা বলছি, ছবিটি ঘিরে কোনো একটি আয়োজন করার। যাতে আমরা সবাই মিলে দারুণ কিছু সময় কাটাতে পারি।
এবার আসি ব্যক্তি জীবন নিয়ে, বিয়ে নিয়ে কিছু ভাবছেন?
না। যেদিন আল্লাহ’র হুকুম হবে সেদিন বিয়ের বাজনা বাজবে।
কিন্তু আপনার বিয়ে নিয়ে তো শোবিজপাড়ায় নানা গুঞ্জন রয়েছে?
আমি এসব কান দেই না। যখন হবে তখন সবাইকে ফলাও করে বলবো। কে, কী বললো সেসব ভাবার সময় আমার নেই। আমি আমার পরিবারের পছন্দেই বিয়ে করব-এটা নিশ্চিত। আর আমার বিয়ের খবর আমি নিজেই সবাইকে দেবো।
