খবর ছড়ায় আমার আর রোজিনার নাকি প্রেম চলছে: ইলিয়াস কাঞ্চন

সত্তরের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানোর পর আশির দশকে ‘বংশধর’ সিনেমায় জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা; পরপর কয়েকটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের পর সংবাদমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

ঢাকাই সিনেমার প্রতিষ্ঠা পেতে সংগ্রামের মধ্যেই আশির দশকে এমন গুঞ্জনের খবরে ‘ভয়’ পাওয়ার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন।

বন্ধু রোজিনার আমন্ত্রণে সম্প্রতি তার রাজবাড়ির বাসায় গিয়ে তাকে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন; সহকর্মী থেকে বন্ধু হয়ে ওঠলেন কবে?-এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা সাংবাদিকরা অনেক সময় বন্ধুত্বকে প্রেমে পরিণত করেন।’

এমন ঘটনা ঘটেছে জানিয়ে কাঞ্চন বলেন, ‘একবার এমন একটা খবর হয়েছিল যে আমার আর রোজিনার নাকি প্রেম চলছে। এ খবর পড়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এতটাই লাজুক ছিলাম, বিশ্বাস করেন, ওই খবরের পর রোজিনা যে দিকে, আমি তার উল্টো দিকে।’

খবরটিকে একদম মিথ্যা উল্লেখ করে কাঞ্চন আরও বলেন, ‘আমার ওস্তাদ সুভাষ দত্ত বলেছিলেন, খবরদার প্রেমে পড়িস না, তাইলে আর আগাইতে পারবি না। ওরকম সংবাদে তো আমি অভ্যস্ত না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

রোজিনাও সায় মিলিয়ে বলেন, ‘হেডিংটাও ওরকমভাবে দিত, যেন মানুষ পড়ে।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যি কথা বলতে, রোজিনা দেখতে আমার চাচাতো বোনের মতো। চেহারার এই মিলটা রোজিনার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে সাহায্য করেছে। পরে আমরা ভালো সহকর্মী হয়ে উঠেছি।’

কাঞ্চনের সঙ্গে প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে রোজিনা বলেন, ‘বংশধর সিনেমার শুটিং ছিল মানিকগঞ্জে, যখন বলল কাঞ্চন আছে, তখন আমি আর ও একসঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজটি করেছি।’

রোজিনা তার জনপ্রিয় হয়ে ওঠার সময়ের কথা বলতে গিয়ে জানান, কয়েকটা সুপারহিট সিনেমায় অভিনয় করেও তখন পত্রিকার পাতায় উঠতে পারেননি তিনি। ব্যবসাসফল সিনেমা করতে পারলে পত্রিকায় তাকে নিয়ে সাক্ষাৎকার প্রকাশ পেত।

স্মৃতিচারণে গাড়ি কেনার কথা বলেন রোজিনা। তিনি বলেন, ‘রাজমহল সিনেমা সুপার-ডুপার হিট হলো। সিনেমাটি প্রযোজনা করেছিলেন শফী সাহেব। তখন একই প্রযোজকের চারটি সিনেমায় কাজ করছিলাম। প্রযোজক সাহেব সিনেমাগুলোর টাকা আমাকে আগেই দিয়ে দিলেন। সেই টাকা থেকে ৬০ বা ৭০ হাজার টাকা দিয়ে প্রথম গাড়ি কিনি।’

সত্তর-আশির দশকে তুমুল জনপ্রিয় এ দুই অভিনয়শিল্পী দর্শকদের উপহার দিয়েছেন আরও অনেক ব্যবসাসফল সিনেমা। দর্শকদের কাছে তারা হয়ে উঠেছেন আরও ভালোবাসার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *