বিনোদন ডেস্ক: ২০১৮-এর ১১ মে থেকে ২০২২-এর ১১ মে। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাতপাকের বয়স দেখতে দেখতে চার। সকাল থেকে ফুলের তোড়ায় বাড়ি উপচে পড়েছে। তারকা দম্পতির নেটমাধ্যমের মন্তব্য বাক্স পরিপূর্ণ শুভ কামনায়। চার বছর আগের এই দিনটা কেমন ছিল? মনে আছে রাজের? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল বিধায়ক-প্রযোজক-পরিচালকের সঙ্গে।
রাজের গলায় এ দিন যেন বাড়তি খুশি। ঝটিতি জবাব এল, ‘‘পিছন ফিরে ঘুরে দেখলে মনে হয়, এই তো সে দিন! কত তাড়াতাড়ি চারটে বছর কেটে গেল। চার বছর আগে এই দিনটিকে ঘিরে কত আয়োজন, হুল্লোড়। আত্মীয়, পরিজনের ভিড়। খুব ইচ্ছে, শুভশ্রীকে নিয়ে বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে আবারও যাব। আরও এক বার সাতপাকে বাঁধা পড়ব আমরা। আরও ৪০ বছর ওর সঙ্গে এক সঙ্গে কাটাতে চাই।’’
যদিও বুধবার বিবাহবার্ষিকী উপলক্ষে তেমন কোনও আয়োজন নাকি করেননি চক্রবর্তী দম্পতি। রাজের দাবি, সকাল থেকে তিনি এবং শুভশ্রী এক সঙ্গে আগামী ছবি ‘হাবজি গাবজি’-র প্রচারে ব্যস্ত। ৩ জুন মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়-শুভশ্রী গঙ্গোপাধ্যায়-স্যমন্তক দ্যুতি মৈত্র অভিনীত এই ছবি। এই প্রজন্মের বড় সমস্যা মোবাইলে আসক্তির কুফল জায়গা করে নিয়েছে ছবিতে। রাজের উচ্ছ্বাস, ‘‘কত দিন পরে আবার আমার ছবি মুক্তি পেতে চলেছে! কত দিন পরে দর্শক প্রেক্ষাগৃহে বসে আমাদের কাজ দেখবেন।’’
