গোপালপুরে দুইটি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই সরব হয়ে উঠেছেন এসব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বাড়িয়েছেন জনসংযোগ। সেই সাথে দিচ্ছেন নানামূখী উন্নয়নমূলক কাজের প্রতিশ্রতি। তবে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে মনোনয়ন লড়াই থাকলেও বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনী কার্যক্রম থেকে দুরে সরিয়ে রেখেছেন নিজেদের।

জানা গেছে, গোপালপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি ইউনিয়নের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবম ধাপের তফসিল গত ২৫ এপ্রিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ঝাওয়াইল ও হেমনগর ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ১৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। বাছাইয়ের তারিখ ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এসব সম্ভাব্য প্রার্থী গত দুই বছরেরও বেশি সময় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। করছেন নানা ধরনের জনমুখী কার্যক্রম। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যাঁরা নির্বাচিত হয়ে টানা ৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁদের রয়েছে শক্ত অবস্থান।

এ ছাড়া কেউ কেউ দলের সক্রিয় কর্মী হিসেবে নেতাদের আদেশ-নির্দেশ যথাযথ পালনের মাধ্যমে দলীয় টিকিট পাওয়ার আশা করছেন। নতুন প্রার্থীরা দলীয় গ্রোপিংকে কাজে লাগিয়ে মনোনয়ন জিতে নেওয়ার চেষ্টা করছেন। তবে কার ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *