মেসিকে নিয়ে নতুন ঘোষণা দিলো সৌদি আরব

ইনস্টাগ্রামে কাল একটি ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। সৌদি আরবের তীরঘেঁষা লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ করার ছবি। তখন অনেকে ভেবেছিলেন, পিএসজি তারকা হয়তো সৌদি আরবে ছুটি কাটাতে গেছেন।

সে তো বটেই, তবে ‘রথ দেখার সঙ্গে কলা বেচা’র কাজও সেরেছেন মেসি। সৌদি আরব পর্যটনের আনুষ্ঠানিক দূত হিসেবে মেসিকে বেছে নিয়েছে দেশটি। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব কাল দূত হিসেবে মেসির নাম ঘোষণা করেন।

দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব টুইটারে মেসিকে পর্যটনের দূত বানানোর ঘোষণাটা দেন আরবি ভাষায়, ‘লিওনেল মেসি ও তাঁর বন্ধুদের সৌদি আরবে স্বাগত জানাই। আপনাকে নিয়ে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ ও আমাদের সমৃদ্ধ ইতিহাস জানাতে আর তর সইছে না। সৌদিতে এটাই মেসির প্রথম ভ্রমণ নয়, শেষবারও নয়। আনন্দের সঙ্গে আমি মেসিকে সৌদি পর্যটনের দূত ঘোষণা করছি।’

প্যারিস সেইন্ট জার্মেই ও আর্জেন্টিনা দলের সতীর্থ খেলোয়াড় লেয়ান্দ্র পারেদেস ও তার পরিবারের সঙ্গে সোমবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেন লিওনেল মেসি। সেদিনই লোহিত সাগর ভ্রমণের একটি ছবিও আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সাতবারের বর্ষসেরা এই ফুটবলারকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে গত ফেব্রুয়ারিতেই ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছিল, সৌদি পর্যটন বোর্ডের তরফ থেকে মেসিকে আনুষ্ঠানিক দূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সে সময় সৌদি রাজতন্ত্রের শাসনে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়া অনেকেই মেসিকে এসব বিষয়ে জড়াতে নিষেধ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *