অবশেষে জয় হলো সিনেমার, জামালপুরে আবারও চলবে ‘গলুই’

অবশেষে সিনেমার জয় হলো। জামালপুরের তিনটি অডিটোরিয়ামে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ চলতে আর কোনো বাধা নেই। সিনেমাটির নির্মাতা এস এ হক অলিক নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখন থেকে পুনরায় জামালপুরের তিনটি অডিটোরিয়ামে ‘গলুই’ দেখা যাবে। উচ্ছ্বসিত হয়ে সিনেমা অঙ্গনের সবার প্রতি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রসঙ্গে গণমাধ্যমকে অলিক বলেন, ‘আজ বিকেলে মন্ত্রণালয় থেকে জামালপুরের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনেমাটি প্রদর্শন করতে বলা হয়েছে। কিছুক্ষণ আগেই এর অনুমতি দেওয়ার কথা শুনেছি। তাদের এমন সিদ্ধান্তে আমরা খুশি। এই সরকার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করছে, তার প্রমাণ আমরা আবারও পেলাম।’

তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো লেখেন, ‘‘বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা ‘গলুই’-এর পাশে ছিলেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে যারা ‘গলুই’-এর পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ’’

একই সঙ্গে তিনি সিনেমা হল মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামালপুরে মেলান্দহ উপজেলায় আশা সিনেমা হল ব্যতীত অন্য কোথাও কোনো হল না থাকায় ‘গলুই’র প্রদর্শনীর ব্যবস্থা করা হয় স্থানীয় শিল্পকলার একাডেমিতে, সদরের মির্জা আজম অডিটোরিয়ামে, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে।

কিন্তু এসব মিলনায়তনে কোনো ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’-এই মর্মে ‘গলুই’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান।

উল্লেখ্য, রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের নির্মিত। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা চেরী। আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *