ঘাটাইলে ধান কাটা শ্রমিককে লক্ষ করে গুলি, আহত ১

মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ধানকাটার সময় শ্রমিক লক্ষ্য করে গুলি করার ঘটনায় শাহজাহান (ভুট্রু) নামে এক শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের অজোপাড়া গ্রাম জোতনছর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, উপজেলার জোতনছর গ্রামের হাসান আলী তার বন্ধু মৃত-আব্দুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি ক্রয় করেন কিন্তু জমি দলিল মুলে ক্রয় না করায় ওই জমির মালিক থেকে যান আব্দুল কাদেরের ভাই ইঞ্জিনিয়ার সোহরাব। এতে হাসান আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল স্ত্রী মাজেদা খাতুন। পরে ওই জমিতে রোপন করা ধান কাটার চুক্তি দেন স্থানিয় জুয়েল নামের এক শ্রমিকের কাছে।

জুয়েল জানায়, এ জমিটি দীর্ঘ ৩০/৪০ বছর ধরে ভোগদখল করছে মাজেদা বেওয়া। তার কাছ থেকে ৮ হাজার টাকা চুক্তি নিয়ে ভোরে আমিসহ আরো ৭ জন শ্রমিক ধান কাটতে যাই। ভোর আনুমানিক ৬ঃ০০ টার দিকে ধান কাটতে থাকাবস্থায় ইঞ্জিনিয়ার সোহরাব তার ব্যবহৃত একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে আমাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুরে। এতে ধান কাটতে থাকা ভুট্ট নামের ওই শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার সোহরাব জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

জমির মালিক দাবী করা মাজেদা খাতুন জানান, সোহরাবের ভাইয়ের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলাম। তবে জমি ক্রয় করলেও দলিল হয়নি। কিন্তু যার কাছ থেকে জমি ক্রয় করেছি তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছে না। জমিতে রোপনকৃত ধান কাটতে ৮জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। কিন্তু সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করে। তিনবার গুলির শব্দ পাই।

এ ঘটনায় টাঙ্গাইল উত্তরের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মাসুদ রানা ও ঘাটাইল থানা ওসি আজহারুল ইসলাম সরকার ও ওসি (ডিবি) হেলাল উদ্দিন বেলা দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন সাংবাদিকদের জানান, ভোর ৬টায় ঘটনাটি ঘটেছে। ঘটনার সাথে সাথেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ব্যাক্তি ও ব্যবহৃত বন্দুক উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *