শাহজাদপুরে ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু, আহত ৩

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় হেজাত গাড়িয়াল (৩৭) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে, এসময় অটোভ্যানে থাকা ৩ জন যাত্রী আহত হয়েছে।

নিহত অটোভ্যান চালক হেজাত গাড়িয়াল (৩৭) উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার মৃত বছির গাড়িয়ালের ছেলে, সে ৩ সন্তানের জনক।

প্রত্যাক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ই মে) বিকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ার বাসিন্দা অটোভ্যান চালক হেজাত গাড়িয়াল ৩জন যাত্রী নিয়ে বাঘাবাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা সমবায় পেট্রোল পাম্পের দক্ষিণে অটোভ্যানটির এক্সেল ভেঙে মহাসড়কের ডান দিকে ঘুরে ওঠে, এসময় অটো ভ্যানচালক হেজাত গাড়িয়াল মহাসড়কের মাঝখানে পড়ে যায়।

ঠিক সেই মুহুর্তে (ঢাকা মেট্রো-ট ২০-৬০০২) একটি মালবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় ভ্যানচালক হেজাত গাড়িয়ালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় ট্রাকটি মহাসড়কের পাশের গাছে সাজোরে ধাক্কা দিয়ে থেমে যায়। পরে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যান চালাচল স্বাভাবিক রাখে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমার জানান, বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হেজাত গাড়িয়াল নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে এবং ভ্যানে থাকা ৩জন যাত্রী সামান্য আহত হয়েছে।

তিনি আরও বলেন, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, তারা ঘটনাস্থলে উপস্থিত হলে লাশ এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি তাদের জিম্মায় দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *