সাংবাদিকদের ‘সরকারবিরোধী’ বললেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা নিয়ে সংবাদ প্রচার করায় এবার সাংবাদিকদের উপর ক্ষেপেছেন সেই রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত।

বিনা টিকেটে ভ্রমণ করে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া ইমরুল বলেন, গণমাধ্যমই দেশের একমাত্র বিরোধী দল ও ‘সাংবাদিকরাই এখন সরকারবিরোধী’।

রোববার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তার দফতরের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ভাগ্নে এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই কয়েকদিন গণমাধ্যমকর্মীদের ফোনে আর প্রশ্নে আমি এবং আমার পরিবার বেশ বিব্রত। মনে করেছিলাম, এটি একটি সামান্য বিষয়। সাংবাদিকরা থেমে যাবেন। কিন্তু এখন অহেতুক টানাহেঁচড়া শুরু হয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ইমরুল বলেন, ছোট একটি বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করছেন। আমি আপনাদের আর কিছু বলবো না। যা বলার তদন্ত কমিটিকে বলেছি।

শুধু তাই নয়। এদিন দুপুরে ঈশ্বরদীর নুর মহল্লা এলাকায় রেলমন্ত্রীর স্ত্রীর মামা বাড়ির স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা স্থানটি ত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার পাকশী বিভাগের ঈশ্বরদী সদর দপ্তরে কর্মরত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনেন প্রান্ত। পরে শফিকুলকে বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

এ ঘটনায় রোববার দুপুর থেকে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি তলব করলে এদিন ডিসিও কার্যালয়ে হাজির হন টিটিই শফিকুল ইসলাম, গার্ড ও বিনাটিকিটধারী তিন ট্রেনযাত্রীসহ ১৪ জন।

শুরুতেই পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন ও ভুক্তভোগী টিটিই শফিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়। এরপরই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

একই সঙ্গে তদন্ত কমিটির কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও চলমান ঘটনা ছাড়াও পাকশী রেলওয়ে নানা সমস্যা নিয়ে তদন্ত করবে কমিটি। বিষয়টি জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *