এক বছর ধরে অভিনয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মূলত মাতৃত্বজনিত কারণে অভিনয় থেকে দূরে তিনি। চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
মা হওয়ার পর থেকেই মেয়ে ইলহামকে নিয়ে ব্যস্ত তিশা। এবার মেয়েকে সঙ্গে নিয়েই কাজে ফিরলেন তিশা। রোববার (৮ মে) তিশা নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট এসব তথ্য জানান।
এ বিষয়ে তিশা বলেন, ‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’
বলে রাখা ভালো, গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিশা।
আর সেই সিনেমার শুটিং শেষে জানতে পারেন তিশা যে তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এজন্য ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। সবশেষে বিরতি ভেঙে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরলেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী। চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
