যখনই খেলা আসে, তখনই সাকিবের সমস্যা: পাপন

‘সব ফরম্যাটেই খেলতে চায় সাকিব, কিন্তু খেলার সময় তাকে পাওয়া যায় না’– মন্তব্যটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নানা বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাকিবকে নিয়ে অনেক নাটক হয়েছে। তা সবারই জানা। তখন সাকিব বলেছিল, দলের হয়ে সব ম্যাচ খেলতে চান। কিন্তু মাঝখানে হুট করে বলে বসেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রামই চান তিনি। যদিও পরে বিসিবির হস্তক্ষেপে ওয়ানডে সিরিজ খেলেন তিনি। তবে টেস্ট খেলা হয়নি, পারিবারিক কারণে ফিরেছিলেন দেশে।

রোববার সংবাদ মাধ্যমের সামনে সাকিবের প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের ব্যাপারটা কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না, ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই আসলে ওরটা বলা একটু কঠিন।

সিনিয়র ক্রিকেটারদের প্রতি পাপন আজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা টেস্ট খেলবেন নাকি অবসর নেবেন- সেই সিদ্ধান্ত নিতে বলেছেন। সেটা না নিলে বিসিবির পক্ষ থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুমকিও দেন পাপন।

পাপন বলছিলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটা খেলোয়াড়রা নিতে পারলেই ভালো। খামোখা মিডিয়াকে না বলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তখন আমাদেরও সুবিধা হয়। বাইরের দেশে তা-ই হয়। আমাদের দেশেও এখন হবে।’

পাপনের কথায় পরিষ্কার, সাফল্যর দেখা পেতে সিনিয়দের বেছে বেছে খেলানোর ভাবনা বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *