বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হন তিনি।
কিন্তু এক মাস পর সমিতির নতুন কমিটির অংশ হয়েছেন এই অভিনেতা। নিয়েছেন শপথও। তবে সহ-সভাপতি পদে নয়, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ।
সম্প্রতি ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা নিপুণ।
অনুষ্ঠানের রিয়াজ বলেন, আমার ঈদ খুব ভালো যাচ্ছে। অনেক লোকজন বাসায় আসছে, আমরাও যাচ্ছি। এতদিন যেতে পারিনি। এখন ঢাকা শহর একদম ফাঁকা। খুবই মজা লাগছে।
এই অভিনেতা বলেন, এবারের ঈদ আমাদের দু’জনের কাছেই স্পেশাল। কারণ, এর আগে করোনার দুই বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্তও হয়েছি। সেই জায়গা থেকে এবারের ঈদের সিনেমাগুলো হয়তো সেই আশা পূরণ করবে- বন্ধ হয়ে যাওয়া কিছু নতুন হল হয়তো চালু হবে, মানুষ সিনেমা দেখতে আসবে, বাংলা সিনেমা দেখবে। সেই আশার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আর নায়কের এই কথার সঙ্গে সহমত পোষণ করেন নিপুন।
এছাড়া ঈদে স্পেশাল কী, প্রশ্ন করতেই চিত্রনায়ক রিয়াজ হাসতে হাসতে বলেন, আমার কাছে স্পেশাল বলতে ঈদের দিন নামাজ পড়ে লুঙ্গি পরে ঘুমানো।
ঈদকে কেন্দ্র করে এবার চারটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের সিনেমা হলগুলোয়। তবে একটা সময় ঈদে সিনেমা মুক্তির হিড়িক পড়তো। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, আমরা চাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক এবং ভালো কিছু হোক। এখন সেই সুযোগটা আসছে। কেননা, এখন মিডিয়া বড় হচ্ছে। আমরা সহজেই বিশ্ব মার্কেটে যেতে পারছি। এখন অনেক ডিভাইস, অ্যাপ, প্ল্যাটফর্ম আছে। আমরা এখন পার্শ্ববর্তী দেশের এবং অন্যসব দেশের সিনেমা দেখছি। সেখানে আমাদের নিজেদের উন্নয়ন করার সময় এখন, উন্নয়ন করছি। ঈদে দু-একটা সিনেমার ট্রেলার দেখলাম। আমার কাছে মনে হয়েছে, সেই উন্নয়নের কারণে নতুনত্ব কিছু করার চেষ্টা আছে।
