বিয়ের পর নতুন সংসার শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! তবে শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই বিপদের মুখে রয়েছেন এই অভিনত্রী।
রাতের বেলায় নাকি শ্রাবন্তীর সঙ্গে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা।
কখনো তার পা ধরে টানছে কোনও এক ছায়া, কখনো আবার গলা টিপে ধরছে। শ্রাবন্তী তো বুঝতেই পারছে না, ঠিক কী ঘটছে তার সঙ্গে। কিন্তু শ্রাবন্তীর শাশুড়ি আবার সব দোষ দিচ্ছেন বউমাকেই। কী হবে শ্রাবন্তীর এবারের সংসারে?
উল্লেখিত ঘটনাটি বাস্তব জীবনের নয়। শিগগিরই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও চিত্রনায়ক ওম অভিনীত সিনেমা ‘ভয় পেও না’। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটিই ট্রেলার। সেখানে এমন ঘটনার সঙ্গে বেশ গা ছমছমে অবস্থার আঁচ পাওয়া গেছে।
এই সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ওম ও শ্রাবন্তী। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে। মূলত বউ-শাশুড়ির সম্পর্ক নিয়েই নির্মিত হয়েছে এটি। তবে এর মধ্যে আছে টুইস্ট। সেটা কি ভৌতিক নাকি অন্য কিছু, তা এখনই বোঝার উপায় নেই। পুরো সিনেমা মুক্তি পেলেই বিষয়টি পরিষ্কার হবে।
কয়েকদিন আগে এই সিনেমার প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছিলেন, তিনি ভূতে ভীষণ ভয় পান। কিন্তু ভৌতিক সিনেমা দেখতেও আবার পছন্দ করেন। এবার এই ধাঁচের সিনেমায় কাজ করলেন। তাই অভিনেত্রী দারুণ এক্সাইটেড।
ভারতের বেশ কয়েকটি মনোরম স্থানে ‘ভয় পেও না’ সিনেমাটির শুটিং হয়েছে। গানের চিত্রায়ন করা হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। আগামী ২৭ মে মুক্তি পাবে সিনেমাটি।
