সব চিন্তা দূর হয়ে গেছে: পূজা চেরি

দেশের প্রেক্ষাগৃহে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ নামের দুটি চলচ্চিত্র মুক্তি পেলেও এই মুহূর্তে দেশে থাকতে পারেননি শাকিব খান। দেশে না থাকলে প্রেক্ষাগৃহ ও ভক্তদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত ছিলেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে ছবি দুটি দেখার আহ্বান জানিয়েছেন। পোস্ট করেছেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভক্তদের উন্মাদনার ভিডিও ক্লিপ।

অন্যদিকে দেশে থাকার কারণে ‘গলুই’ ও ‘শান’ ছবির দেখার আহ্বান জানিয়ে এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটছেন পূজা চেরি। আর মুক্তি পাওয়া ‘শান’ নিয়েও সিয়াম আহমেদ ছুটছেন প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবি নিয়ে তাঁদের অনুভূতিও মন দিয়ে শুনছেন। সবাইকে প্রেক্ষাগৃহে ছবি দেখার আহ্বান জানাচ্ছেন। এ দুই ছবি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা চেরি-

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়ার পর ঈদে প্রথমবারের মতো আপনার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেল। কেমন লাগছে?
এক কথায় অসাধারণ। নায়িকা হওয়ার পর ঈদের মতো বড় উৎসবে প্রথমবার আমার দুটি ছবি মুক্তি পেল। শুরুতে কিছুটা স্নায়ুচাপে ছিলাম। ঈদের দিন থেকে যখন ছবি দুটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখলাম, তখন সব চিন্তা দূর হয়ে গেছে। দেশের সব মাল্টিপ্লেক্সসহ ‘শান’ চলছে ৩৫টি সিনেমা হলে। অন্যদিকে, ‘গলুই’ চলছে ২৯টি হলে। ঈদের দিন প্রথমে সিনেপ্লেক্সে গিয়ে ‘গলুই’ দেখেছি। কারণ, এটি আমার আর শাকিব খানের প্রথম সিনেমা। এরপর সিয়ামসহ সবাই মিলে মধুমিতা সিনেমা হলে গিয়ে ‘শান’ দেখেছি। দুই ধরনের চলচ্চিত্র দুটি। তাই দর্শকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। তাদের সঙ্গে কথা বলে আমিও মুগ্ধ হচ্ছি। দর্শকদের ভালোবাসায় আমি অভিভূত। ঈদের এই সময়ে দর্শকরা ছবি দেখে আনন্দ পাচ্ছেন, একাত্ম হতে পারছেন- এটাই তো অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য সবচেয়ে বেশি ভালো লাগার।

তাহলে কি এবারের ঈদ সিনেমা হলেই কেটেছে?

এবারের ঈদ দর্শকদের সঙ্গে উদযাপন করেছি। দারুণ সব অভিজ্ঞতাও হয়েছে। দর্শকদের ভালোবাসার মধ্য দিয়ে ঈদ পার করেছি। আমার ছবি নিয়ে তাদের অনুভূতিগুলোও মন দিয়ে শুনেছি। যা আমার আগামী দিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে বলে মনে করি।

দুটি ছবির মধ্যে কোনটিকে আপনি এগিয়ে রাখছেন?

দুটিই আমার ছবি। দেখুন, আপনি যখন সামনে দুই হাত বাড়িয়ে দেবেন, তখন দেখবেন দুটি হাতই কিন্তু সমান। ফলে দুটি ছবিই আমার কাছে সমান গুরুত্বের। সে কারণে আমি আমার ভক্ত ও দর্শকদের দুটি ছবিই দেখার আহ্বান জানিয়েছি। কারণ, ‘শান’ অ্যাকশন ঘরানার ছবি আর ‘গলুই’ রোমান্টিক ঘরানার। আমি এই ক’দিনে ঢাকা-নারায়ণগঞ্জের বেশ কয়েকটি সিনেমা হলে ঘুরেছি, যখন যেখানে গিয়েছি সেখানেই হলভর্তি দর্শক দেখেছি।

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে কেমন লেগেছে?

অসাধারণ। শুটিংয়ের আগে ও পরে তিনি অনেক বিষয় নিয়ে বলেছেন। ছবিটি মুক্তির পর নিউইয়র্ক থেকে আমাকে অভিনন্দনও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *