অশ্লীলতা কী আমি এখনও বুঝি না: নায়িকা পলি

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পলি। হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীতে বসবাস করছেন।

মোহাম্মদ হোসেন পরিচালিত মান্নার বিপরীতে ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পলি। এরপর শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। মাত্র ৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে পলি অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।

এই নায়িকার বিরুদ্ধে রুপালি পর্দায় অশ্লীলতা ছড়ানোর বিস্তর অভিযোগ রয়েছে। কেননা অনেক সিনেমায় তাকে খোলামেলা অভিনয় করতে দেখা গেছে। যদিও এ সবই নাকচ করে দিয়ে পলি উল্টো এই প্রতিবেদককে বলেছেন- ‘অশ্লীলতা কী আমি এখনও বুঝি না। যারা এগুলো বলেন তারা ঠিক বলেন না।’

পলি বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি বুঝি কমার্শিয়াল সিনেমা। একজন প্রযোজক যখন আমাকে কাস্ট করেন তখন আমাকে তার সেই ছবিতে ইনভেস্ট করেন। সেই টাকা ফেরত না পেলে পরবর্তীতে আর সিনেমা তিনি বানাবেন না। একটু কমার্শিয়াল না করলে হিট করবে কি করে! আমি অশ্লীল কিছু করিনি, কমার্শিয়াল সিনেমা করেছি।’

সেই সময় অশ্লীল যে সিনেমাগুলো হতো এ বিষয়ে পরিবার থেকে কোনো বাধা পেতেন কিনা জানতে চাইলে পলি বলেন, ‘না, আমার ফ্যামিলি জানতো এটি পুরোটাই মেকি। ক্যামেরার সামনে আমি থাকলেও তাঁর পিছনে আরও অনেকে থাকতো। সুতরাং তারা কখনো বিষয়গুলো অন্যভাবে দেখতো না।’

শাকিব খানের সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি। শাকিবের সাথে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই নায়িকা বলেন, ‘শাকিব খুব ভালো মনের মানুষ। একদিন শুটিংয়ে আমাকে বলছিল, আজকে তুই আমার সঙ্গে দুপুরের খাবার খাবি। আম্মু বাসা থেকে খাবার পাঠিয়েছে, দুজন একসঙ্গে খাবো। খাবার খেতে খেতে আমাকে শাকিব কিছু উপদেশ দিয়েছিল। আমার মনে হয় তার সেদিনের কথাগুলো শুনলে হয়তো আমি আরও ভালো অবস্থানে থাকতাম।’

পলি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামী’। ২০১২ সালে মুক্তি পায় এটি। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *