নব্বই দশকের সুপারস্টার চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন ছিল গতকাল শুক্রবার। নিজের ৫৪তম জন্মদিন পরিবারের সবাইকে নিয়ে কাটিয়েছেন বলেই জানালেন এই অভিনেতা।
ওমর সানী বলেন, গত ২০ বছর আমার জন্মদিনের বড় কোনো আয়োজন হয় না। কারণ, এ মাসে আমার মা মারা গিয়েছিলেন, ২৩ মে তার মৃত্যুর দিন। মে মাসে আমার ওপর একধরনের বিষণ্নতা ভর করে।
এদিকে সারা দিনই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন ওমর সানী। তিনি বলেন, ‘আমার জন্মদিনে অনেকেই আমাকে উইশ করেছেন। এমন এমন মানুষও উইশ করেছেন যাদের কাছ থেকে আশা করিনি। আর ফেসবুকে এতো মানুষ আমাকে উইশ করেছেন যে সেটা কল্পনারও অতীত। এখনো মানুষ আমাকে মনে রেখেছেন, ভালোবাসার কিছু বাক্য আমার নামে লিখেছে, আমি তাতেই অভিভূত।’
এদিকে জন্মদিনেও আক্ষেপের সঙ্গে ওমর সানী বললেন, ‘নব্বই দশকের সোনালি সময়ে আমরা কাজ করেছি। আমি আমার অতীত নিয়ে গর্বিত। তবে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু এখনো শেষ হয়ে যাইনি। আমার চেয়ে বলিউডের সালমান ও শাহরুখের বয়স অনেক বেশি। আমরা প্রায় কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করলেও সালমান–শাহরুখ এখনো কাজ করে যাচ্ছে, অথচ ঢালিউডে আমাদের কাজে লাগানো হচ্ছে না।
তিনি বলেন, এখন এখানে সিনেমা হচ্ছে এককেন্দ্রিক, একজন হিরো—পৌনে তিন ঘণ্টা তাঁকেই দেখতে হবে! পাঁচটি ফাইট, পাঁচটি নাচ, তথাকথিত ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না’ মার্কা ডায়ালগ, ভিলেনের ভাই হচ্ছে হিরো—এসব চলছে। এগুলো আর দর্শক নিতে চান না।
ওমর সানী বলেন, দক্ষিণ ভারতে আমার বাবার বয়সী রজনীকান্তকে এখনো কাজে লাগানো হচ্ছে। আমাদের এখানে সেসব চেষ্টা নেই। ‘কেজিএফ’–এ রাভিনা ট্যান্ডনকে কীভাবে কাজে লাগিয়েছে! অথচ তিনি কিন্তু মাধুরীর মতো সুপারস্টার নন। কোথায় মৌসুমীকে কাজে লাগানো হচ্ছে? আমরা শিল্পীদের চেঞ্জ করতে পারি না!’
নায়ক ওমর সানির জীবনের অন্যতম সেরা প্রাপ্তি নায়িকা মৌসুমী। এই প্রাপ্তি নিয়ে বলেন, স্ত্রী হিসেবে সে অসাধারণ। আমি সৌভাগ্যবান যে এ রকম একজন ভালো স্ত্রী পেয়েছি। আমি সৌভাগ্যবান, আমার সন্তানদের জন্য একজন ভালো মা পেয়েছি। স্বামীকে কীভাবে ধরে রাখতে হয়, স্বামী শত অপরাধ করার পরও কীভাবে স্যাক্রিফাইস করতে হয়, মাফ করতে হয়, ভালোবাসতে হয়, সবই সে করেছে।
