ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ও তরুণ অভিনেতা শরিফুল রাজ ‘গুনিন’ সিনেমায় শুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়েন। তারপর প্রেম থেকে বিয়ে। এরপর থেকে দু’জনের খুনসুটির সংসার বেশ ভালোই চলছে। যা এই দুই তারকার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝা যায়। আর এবার সেই প্রেম-ভালোবাসা এবং কক্সবাজারে ঈদ করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাজ-পরী।
ঈদের দ্বিতীয় দিন একটি বেসরকারি টেলিভিশনে ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের বিষয়ে কথা বলেন পরীমণি ও রাজ।
অনুষ্ঠানে পরীমণি বলেন, এবারই প্রথমবারের মতো বাসার বাইরে কোথাও ঈদ করলাম, কক্সবাজার। আমরা চেয়েছিলাম একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। আসলে সব সময় তো আত্মীয়-স্বজনের সঙ্গেই ঈদ করা হয়। করোনার কারণে যখন লকডাউন হয়, তখন তো যে যেখানে ছিল সেখানে সেভাবে ঈদ করেছে। তখন পরিবারের বাইরে একা একা ঈদ করা হয়েছে। সেই সময় থেকে মনে হয়েছে, হয়তো মানিয়ে নিয়েছি।
ঈদে দু’জনার দু’জনকে উপহার দেয়ার বিষয়ে রাজ বলেন, এই সময় ও (পরীমণি) তো স্পেশাল টাইম পার করছে। জেল থেকে বের হওয়ার পর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন থেকেই পরিকল্পনা ছিল⎯ বাইরে যাবে, ঘোরাঘুরি করবে। সামহাউ এর মধ্যে আমরা বিয়ে করি। তারপর আমরা প্ল্যান করি, যেহেতু ওর স্পেশাল টাইম। আবার সামনে ঈদ। আমাদেরও প্রথম ঈদ। নানার সঙ্গেও পরীর ছোট একটা কমিটমেন্ট ছিল। এ কারণেই বাইরে ঈদ করা।
বাইরে ঈদের বিষয়ে পরীমণি বলেন, আমাকে রিমান্ডে সিআইডিরা জিজ্ঞেস করেছিল, এখান থেকে বাইরে গিয়ে কী করবেন? আমার উত্তর ছিল, এখান থেকে বাসায় যাব। তারপর ব্যাগ গুছিয়ে নানাকে নিয়ে কক্সবাজার যাব। সেখানে দু’দিন থাকব এবং তারপর ফিরে আবার শুটিং শুরু করব। এটা তারা আশা করেনি।
তিনি আরও বলেন, ওই এক মাসে অনেক কাজ জমেছিল। সেগুলোর শিডিউল মেলানো, সেসব ঠিকঠাক করা, সিনেমা মুক্তি। আবার বিয়ে করা, বাচ্চা নেয়া, সবকিছু মিলে একটা চাপ ছিল।
