ঈদের সিনেমা নিয়ে অভিনব প্রচারণা, প্রশংসায় ভাসছে শিল্পী সমিতি

আজ চাঁদ রাত। কাল ঈদ। এই একটি দিনকে উদযাপন করতে আয়োজনের শেষ নেই যেন। বহুকাল ধরেই ঈদের আনন্দে বিনোদনের দারুণ এক অনুষঙ্গ সিনেমা। ঈদ এলেই নতুন সিনেমা মুক্তির চল তাই অনেকদিনের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বড় পরিসরে মুক্তি পাচ্ছে এবার তিনটি সিনেমা।

যার মধ্যে সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খানের আছে দুটি সিনেমা। নাম ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। আরেক সিনেমা ‘শান’র নায়ক সিয়াম আহমেদ। এই তিন ছবির মধ্যে ‘গলুই’ ও ‘শান’র নায়িকা পূজা চেরী। নতুন প্রজন্মের এই নায়িকার ক্যারিয়ারে এবারের ঈদ তাই স্পেশাল হয়ে ধরা দিচ্ছে। নিজের দুটি ছবির প্রচারণাতেই ব্যস্ত রয়েছেন তিনি।

প্রচারণা চলছে ছবিগুলোর কর্তৃপক্ষের আয়োজনেও। সেই প্রচারণায় যোগ দিয়েছে শিল্পী সমিতিও। তারা ঈদের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের ঈদ কার্ড পাঠিয়েছে। সেখানে ঈদের সিনেমা তিনটির প্রচারণা করেছেন তারা। যা চলচ্চিত্রাঙ্গন তো বটে, শোবিজজুড়ে দারুণ সাড়া ফেলেছে।

লাল রঙের কার্ডে শিল্পী সমিতি ঈদের শুভেচ্ছার পাশাপাশি লিখেছে, ‘ঈদের খুশি আসছে ফিরে/ হাউসফুল বোর্ডকে ঘিরে/ ঈদ আনন্দে উঠবো মেতে/ ‘শান’, ‘গলুই’ আর ‘বিদ্রোহী’র সাথে…….’

এর আগেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রচারে অংশ নিয়েছে ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন শিল্পী সমিতির বর্তমান কমিটি।

অনেকে শিল্পী সমিতির বর্তমান কমিটির এই উদ্যোগকে, সিনেমার অভিনব এই প্রচারণাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে, সিনেমার প্রচারে ঈদ শুভেচ্ছাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়েছে শিল্পী সমিতি। সিনেমার প্রচার ও প্রসারে এটি নিঃসন্দেহে প্রংশসনীয় এবং ইউনিক একটি উদ্যোগ।

এরইমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সবার নজরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *