রাস্তায় কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

ট্রাক চালিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুর এলাকায় ২৫ লাখ টাকাসহ একটি ব্যাগ পান শাহ নেওয়াজ নামে নাটোরের এক ট্রাকচালক। কিন্তু ওই টাকা তাকে লোভে ফেলতে পারেনি। নাটোর সদর থানা পুলিশের সহযোগিতায় দুই দিন পর ওই টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন তিনি।

রোববার (১ মে) দুপুরে নাটোর সদর থানায় পুলিশের উপস্থিতিতে ট্রাকচালক শাহ নেওয়াজ ওই টাকাগুলো ফেরত দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দীনের ছেলে লিটন মিয়া গত ২৯ এপ্রিল সকাল ৮টা ২০ মিনিটে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ২৫ লাখ টাকাসহ তার ব্যাগ পড়ে যায়।

ওই পথ দিয়ে শহরের উত্তর পটুয়াপাড়ার জাফর উল্লাহর ছেলে শাহ নেওয়াজ ট্রাক চালিয়ে আসার সময় ব্যাগটি পান। কোনো মালিক খুঁজে না পেয়ে নাটোরে ফিরে পুলিশকে বিস্তারিত জানান। এরপর পুলিশ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে। রোববার দুপুরে যাচাই শেষে ওই টাকা প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *