চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের পথে বলে জানালেন ছবিটির পরিচালক বন্ধন বিশ্বাস। এবার মুক্তির পালা। তার আগে ছয়াবৃক্ষের প্রথম লুক প্রকাশ করা হলো।
শুক্রবার দুপুরে ফেসবুকে ছবির পোস্টার প্রকাশিত হয়। চা–বাগানের শ্রমিক বেশে ছবির চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি স্থিরচিত্র দিয়ে প্রকাশ করেছে পোস্টার।
ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘শুরুতে ছবির একটি গান প্রকাশ করার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত বদল করে এখন পোস্টার প্রকাশ করলাম। আগামী জুলাই মাসের শুরুতে ছবিটি মুক্তি দিতে চাই। তার আগে দর্শক আগ্রহ বাড়াতে নানাভাবে ছবিটির বিভিন্ন খবর দর্শকের সামনে তুলে ধরতে চাই। কিছুদিন পর ছবির গান প্রকাশ করার ইচ্ছা। পর্যায়ক্রমে নানা কিছু আসবে ছবির।’
ছবিতে চা-শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি।
অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও হচ্ছিল না। শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি। এই যুদ্ধে সফলও হই।’
ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, ‘ভিন্ন ধরনের গল্পের সিনেমা হলো ‘ছায়াবৃক্ষ’। বেশ উপভোগ করে কাজটি করেছি আমরা সবাই মিলেমিশে। পরিচালক বন্ধন বিশ্বাস ও তার চমৎকার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমার সহকর্মী অপু বিশ্বাসকেও ধন্যবাদ। এবার পর্দায় দেখার পালা।
জানা গেছে, ঈদের পর সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ‘ছায়াবৃক্ষ’। ঈদের আগের রাতে প্রকাশ হবে গান। ঈগল মিউজিকের ইউটিউব থেকে গানটি উপভোগ করতে পাবেন শ্রোতারা। নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, সুমিত প্রমুখ।
